প্রকাশিত: Fri, Jun 28, 2024 4:59 AM
আপডেট: Thu, Jul 23, 2026 5:49 AM

[১]পদ্মা সেতুর ঋণ শোধের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর

সালেহ্ বিপ্লব: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণ পরিশোধের ৭ম ও ৮ম কিস্তি হিসেবে ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধানমন্ত্রীর কাছে এই টাকার চেক হস্তান্তর করেন। বাসস

[৩] সর্বশেষ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত  সরকারকে মোট ১২৬২ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করেছে।

[৪] গত বছরের ৫ এপ্রিল সেতু বিভাগ প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসাবে সেতু থেকে টোল আদায় হিসাবে অর্জিত রাজস্ব থেকে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে।

[৫] ২০২২ সালের ২৫ জুন সেতু চালু হওয়ার পর থেকে ২০২৪ সালের ২৬ জুন পর্যন্ত পদ্মা সেতু থেকে মোট ১৬৫৩ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

[৬] নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু। অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়।

[৭] প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন প্রমত্তা পদ্মা নদীর উপর দেশের বৃহত্তম সেতু ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু উদ্বোধন করেছিলেন।

[৮] চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী